
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে মৃত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের স্মরণসভায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজার হাজার মানুষ। এর মধ্যেই দেশটির পুলিশ বাহিনীকে সংস্কারের প্রস্তাবনা দিয়ে কংগ্রেসে বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। তবে সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শোকে স্তব্ধ গোটা যুক্তরাষ্ট্র। সোমবার টেক্সাসের হিউসটনে আয়োজিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের স্মরণসভায় অংশ নেন হাজার হাজার মার্কিন নাগরিক। সব শ্রেণি-পেশার মানুষের একাত্মতায় কৃতজ্ঞতা জানান ফ্লয়েডের ভাই।জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি মুগ্ধ। আপনাদের সঙ্গে কষ্টগুলো ভাগ করতে পেরে খুবই ভালো লাগছে। একইদিন নিউইয়র্কে জর্জ ফ্লয়েড হত্যার বিচার দাবির পাশাপাশি বর্ণবৈষম্যবিরোধী বিক্ষোভ অংশ নেন কয়েক হাজার মানুষ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সময় আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।এদিকে প্রতিনিধি পরিষদের হাঁটু গেড়ে বসে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ ডেমোক্র্যাট সদস্যরা। পরে পুলিশি বর্বরতা ও বর্ণবাদের বিরুদ্ধে চলমান বিক্ষোভের জেরে মার্কিন পুলিশ বাহিনীকে সংস্কারে ‘জাস্টিস ইন পোলিশিং অ্যাক্ট ২০২০’ নামে একটি বিল উত্থাপন করা হয়।