
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া ৪৫ জন ভারতীয় নাবিককে দেশে ফেরাতে ঢাকা থেকে দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামীকাল বুধবার (১০ জুন) বিশেষ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে। আজ মঙ্গলবার (৯ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা । ৪৫ জন ভারতীয় নাবিক বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।
আটকে পড়া নাবিকদের দেশে ফিরিয়ে নিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ওই ফ্লাইট ১০ জুন সকাল ৯টায় ঢাকা থেকে উড্ডয়ন করবে। দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সেখানকার বিমানবন্দরে অবতরণ করবে।৪৫ জন ভারতীয় নাবিককে ফিরিয়ে নেওয়ার সার্বিক তত্ত্বাবধানে আছে মুম্বাই ভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।