
আন্তর্জাতিক ডেস্কঃ আটকে ছিল উন্নয়ন কাজ। ভারি ভারি পাথরের চাঁই ভাঙতেই লেগে যাচ্ছিল প্রচুর সময়। ফলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে এবার উত্তরখণ্ডের জোহার উপত্যকায় হিমালয়ের কোলে রাস্তা তৈরিতে ব্যবহার করা শুরু হল ভারি পাথর কাটার মেশিন। কাজ শুরু হল দ্রুত গতিতে। বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী জানিয়েছেন, হেলিকপ্টারের সাহায্যে এই ভারি মেশিন নিয়ে আসা হয়েছে।জোহার ভ্যালিতে যে রাস্তা তৈরি হচ্ছে, তার শেষ প্রান্ত শেষ হচ্ছে চিন সীমান্তে। ফলে কূটনৈতিক দিক থেকে ও সামরিক থেকে এই রাস্তার গুরুত্ব অপরিসীম। মুনসিয়ারি-বাগদিয়ার-মিলাম রোডের কাজ এই মাস থেকেই দ্রুত গতিতে শুরু হয়েছে বলে বিআরও সূত্রে খবর।
২০১৯ সাল থেকে একাধিকবার এই রাস্তা তৈরির কাজে অগ্রসর হয়েও সফলতা মেলেনি। তবে এবার হেলিকপ্টারের মাধ্যমে ভারি ভারি মেশিন লাসপা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এতে অনেকটাই কাজে সুবিধা হবে বলে মনে করছেন বিমল গোস্বামী। ৬৫ কিমি লম্বা এই রাস্তাটি তৈরি হচ্ছে রাজ্যের পিথোরগড় জেলায়। যা রাজ্যের বাকি অংশের সঙ্গে ভারত চিনের সীমান্তের যোগ ঘটাবে। আগামী তিন বছরের মধ্যে রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করছে বিআরও। ২০১০ সালে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়। ৩২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এর জন্য। এখনও ২২কিমি বাকি রয়েছে, এই অংশের পাথর কাটার কাজ অসম্পূর্ণ ছিল, যা হাতে কাটা প্রায় অসম্ভব ছিল। তবে হেলিকপ্টারের ব্যবহারের ফলে সেই কাজ অনেকটাই সহজ হয়েছে।
এদিকে, সেনা সূত্রে খবর মিলেছিল, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিন যুদ্ধাস্ত্র মজুত করছে। দিনে-দিনে সেইসব সমরাস্ত্রের বহর বাড়ানো হচ্ছে। একইসঙ্গে সীমান্তে সেনা গতিবিধিও লক্ষ্যণীয়ভাবে বাড়াচ্ছে বেজিং। এরই পাল্টা জবাব দিতে শুরু করে নয়াদিল্লিও। সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর গুটি সাজাতে শুরু করে ভারত। ইকনমিক টাইমস সূত্রে খবর গত কয়েকদিন ধরে আকসাই চিনের ওপরে চিনা ফাইটার জেটের আনাগোনা বেড়েছে। সেই প্রেক্ষিতেই ভারতীয় বায়ুসেনা নিজেদের শক্তি বাড়াচ্ছে ওই এলাকায়। নজরদারি বাড়িয়েছে ভারতও। তবে নো ফ্লাইং জোনের ১০ কিমি সীমানা নির্দিষ্ট রেখেই মহড়া বাড়িয়েছে দুই দেশ। লাদাখে আপাতত ভালো অবস্থানে রয়েছে ভারত। প্রয়োজনে শ্রীনগর ও চন্ডীগড়ে এয়ার বেস ব্যবহার করে নিজেদের উপস্থিতি টের পাওয়াতে পারবে চিনকে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বেশি উচ্চতায় থাকার কারণে চিনের পক্ষে অতিরিক্ত জ্বালানি ও অস্ত্র বহন করে নিয়ে যেতে সময় লাগবে। ৩৪৮৮ কিমির এই সীমানার মধ্যে পড়ছে অরুণাচল প্রদেশ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, সিকিম ও লাদাখ। লাদাখ ছাড়াও পেট্রলিং বাড়ানো হয়েছে সিকিমে।