
আন্তর্জাতিক ডেস্কঃ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গাফিলতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। কোভিড-১৯ আক্রান্ত মানুষের আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে ইতালির বেরগামোর প্রসিকিউটররা আজ শুক্রবার (১২ জুন) তাকে জিজ্ঞাসাবাদ করবেন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা লামোরগেসে ও স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জাকেও এদিন প্রসিকিউটরদের মুখোমুখি হতে হবে। গুইসেপ কন্তে বলেছেন, তিনি এ জিজ্ঞাসাবাদ নিয়ে ‘মোটেও উদ্বিগ্ন নন’। ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে এসব তথ্য জানা গেছে ।
ইতালির সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সেদেশে করোনা আক্রান্ত হয়ে ৩৪ হাজার ১১১ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ। ইতালিতে সর্বপ্রথম করোনা শনাক্ত হয় লোম্বার্দিতে। সেদেশে করোনায় প্রাণ হারানোদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) বেরগামো প্রসিকিউটরের কার্যালয়ে ইতালির সরকারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাজনিত ৫০ টি অভিযো্গ দায়ের করে নই দিনানসেরেমো (উই উইল রিপোর্ট) নামক একটি সংগঠন। কোভিড-১৯ আক্রান্তদের আত্মীয়দের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনটির অভিযোগপত্রে বলা হয়, লোম্বার্দির দুই শহর আলজানো ও নেমব্রোকে প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পর পরই এগুলোকে রেড জোন ঘোষণা করা উচিত ছিল। করোনা মোকাবিলায় সরকারের গাফিলতি খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন তারা ।
সরকারের বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ দায়েরের কোনও ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখবেন প্রসিকিউটররা। এটি করোনা মহামারি নিয়ে ইতালিতে দায়ের করা প্রথম আইনি অভিযোগ। তবে ইতালির বিরোধী দল লিগ পার্টি লোম্বার্দির শাসন ক্ষমতায় আছে। অনেকে করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য কেন্দ্রীয় সরকারের চেয়েও তাদেরকে বেশি দায়ী বলে মনে করেন ।