
আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র ছড়িয়ে পড়ে আছে মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ। এই বর্জ্য ফেলার জন্য এবার নির্দিষ্ট ডাস্টবিন বসাচ্ছে কলকাতা পুরসভা। আপাতত শহরে দু’হাজার হলুদ রঙের ডাস্টবিন বসানো হবে। সেগুলো থেকে পুরকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বর্জ্য সংগ্রহ করবেন। তার পরে চিকিৎসা-বর্জ্য যেভাবে অপসারণ করা হয়, এই ধরনের বর্জ্যের ক্ষেত্রেও তা করা হবে। গতকাল সোমবার পুরভবনে স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে পুরসভার প্রশাসকমণ্ডলির চেয়ারম্যান ফিরহাদ হাকিমের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী দু’-এক দিনের মধ্যেই এই ডাস্টবিন বসানো হবে। পাশাপাশি, ডাস্টবিন থেকে বর্জ্য সংগ্রহের জন্য বেশ কিছু গাড়িও কেনা হবে। কর্পোরেট সংস্থাগুলোকেও এই কাজে এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয়েছে ।
এছাড়া, শহরে বর্ষা আসার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার নিকাশি, বিল্ডিং, বর্জ্য অপসারণ দফতরকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি প্রতি বারের মতো এ বছরও ডেঙ্গুর বিষয়টি দেখভাল করবে। পড়ে থাকা জায়গা পরিষ্কার করা ছাড়াও যে সব জায়গায় নির্মাণ কাজ চলছে সেখানে নজর রাখবে ওই কমিটি। নির্মাণ কাজের জায়গায় যাতে মশার লার্ভা জন্মাতে না দেয়া হয়, তার জন্য প্রোমোটারদের সংগঠন ক্রেডাইকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে ।