News71.com
 International
 16 Jun 20, 09:40 PM
 409           
 0
 16 Jun 20, 09:40 PM

ভারত-চীন সংঘর্ষে কোনও গুলি ছোড়া হয়নি ॥এনডিটিভি  

ভারত-চীন সংঘর্ষে কোনও গুলি ছোড়া হয়নি ॥এনডিটিভি   

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল সোমবার (১৫ জুন) মধ্যরাতে লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের সময় কোনও গুলি ছোড়া হয়নি। ওই সংঘাতে পাথর ও লাঠির ব্যবহার হয়েছে। এদিন ৩ ভারতীয় সেনা গুলিবিদ্ধ হয়ে নিহত হননি। তারা চীনা সেনা সদস্যদের সঙ্গে ‘হাতাহাতি’তে নিহত হয়েছেন। ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে সেদেশের সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে। ওই সেনা সূত্র দাবি করেছে, দুই পক্ষের ওই সংঘর্ষের ঘটনায় ‘উল্লেখযোগ্য সংখ্যক চীনা সেনারও প্রাণহানি’ হয়েছে ।

গত মাসের শুরুর দিক থেকে প্যানগং (পূর্ব লাদাখ) এবং নাকু লা (সিকিমের) এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর আসতে থাকে। সে থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। তখন থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর প্রচুর সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়। এরমধ্যেই সোমবার মধ্যরাতে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ভারতীয় বাহিনীর এক কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হয় ।

ভারতীয় সেনাবাহিনীর তরফে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, “গালওয়ান উপত্যকায় সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন দু-পক্ষই সংঘর্ষে লিপ্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই অশান্ত পরিস্থিতি মোকাবিলা করতে দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বৈঠকে বসছেন।” পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর কথা বলা হয়। চীনা কর্তৃপক্ষের দাবিকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে চীনা সেনাদের ওপর হামলা চালিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন