
আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও ভারতের সীমান্ত উত্তেজনায় সোমবার রাতে লাদাখের নিয়ন্ত্রণরেখায় রক্তাক্ত রূপ নেওয়ার পর আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার জন্য পরস্পরকে দোষারোপের প্রক্রিয়ার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বলেছেন, ‘শহীদের রক্ত বৃথা যাবে না।’ অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কড়া ভাষায় ১৪ হাজার ফুট উচ্চতার গালওয়ান উপত্যকা থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনারা চীনে ঢুকে পড়ে। এ ঘটনার দায় ভারতের ।
এই উপত্যকাতেই গত সোমবার দিবাগত রাতে দুই পক্ষের হাতাহাতি, পাথর ছোড়াছুড়ি এবং লাঠি দিয়ে মারামারিতে ভারতের ২০ সেনা নিহত হয়। গুরুতর আহত হয় বহু সেনা। ভারতের দাবি, ওই সময় চীনা পক্ষের অন্তত ৪৩ সেনা নিহত হয়েছে। যদিও চীনের পক্ষ থেকে এদাবি স্বীকার বা নাকচ করা হয়নি। ঘটনার পর গত মঙ্গলবার দিনভর ভারতের প্রধানমন্ত্রী কোনো মন্তব্য না করলেও গতকাল টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘ভারত শান্তি চায়। কিন্তু কেউ উসকানি দিলে, যেকোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত।’ তিনি আরো বলেন, ‘শহীদের রক্ত বৃথা যাবে না।’ ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো সমঝোতা নেই বলে মন্তব্য করে মোদি বলেন, ‘দেশের অখণ্ডতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা নিয়ে কোনো সমঝোতা করা হবে না ।
চীনের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া না গেলেও গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান দাবি করেন, ‘গালওয়ানের সার্বভৌমত্ব বরাবরই চীনের হাতে। ভারতীয় সেনা সীমান্তসংক্রান্ত চুক্তি গুরুতরভাবে ভেঙেছে এবং দ্বিপক্ষীয় কমান্ডার স্তরের বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত মানেনি।’ তবে নিয়ন্ত্রণরেখায় চীন আর সংঘর্ষ চায় না বলে দাবি করে তিনি বলেন, ‘ঠিক এবং ভুল এখানে পুরোপুরি স্পষ্ট। নিয়ন্ত্রণরেখার এপারে চীনের ভূখণ্ডেই ঘটনাটি ঘটেছে। চীনকে এ জন্য দোষ দেওয়া যায় না।’ দিল্লিকে সতর্ক করে তিনি বলেন, ‘অবিলম্বে সীমান্তে মোতায়েন তাদের বাহিনীকে অনুপ্রবেশ ও প্ররোচনামূলক আচরণ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ দেওয়ার জন্য আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি । উল্লেখ চীন-ভারত সীমান্তে ৪৫ বছর পর হতাহতের কোনো ঘটনা ঘটল।
ভারত ও চীনের চুক্তি অনুসারে, প্রচলিত আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ। গত সোমবার এতগুলো প্রানহানী ঘটলেও কোনো পক্ষ একটি গুলিও ছোড়েনি। মূলত হাতাহাতি, পাথর ছোড়াছুড়িতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতের দাবি, চীনা সেনারা পেরেক লাগানো লাঠিও ব্যবহার করেছে। কয়েকজনকে নদীতেও ফেলে দেওয়া হয়। ভারতের বহু সেনা এ ঘটনায় আহত হয়েছে। তবে খারাপ আবহাওয়া ও উচ্চতার কারণে তাদের সময়মতো উদ্ধার করা যায়নি। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার এটাও অন্যতম কারণ। এ ঘটনায় ভারতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মানুষকে বিক্ষোভ করে চীনের পতাকা পোড়াতে দেখা গেছে । চীন তাদের পক্ষের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। চীন অবশ্য তাদের সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি কখনোই প্রকাশ করে না।
চীন ও ভারতের সীমান্ত প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের। ভারতের দাবি, গত মাসে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে চীন গালওয়ানে ঢুকে সেনা ছাউনি তৈরি করে। এ খবর পেয়ে ভারতও ওই এলাকায় সেনা পাঠায়। ওই সময় থেকেই উত্তেজনা শুরু হয়। হাতাহাতির খবরও পাওয়া যায় বেশ কয়েকবার। শুরুতে স্থানীয় পর্যায়ে সংকট সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে এ মাস থেকে দুই পক্ষের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মাঝখানেই গত সোমবারের ঘটনা ঘটল।