
আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ড পুলিশের একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি গাড়ি থামানোর জেরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেন। পুলিশ বলছে, নিয়মানুসারে পুলিশের ওই কর্মকর্তা গাড়িটি থামান। তখন ওই গাড়িতে দু'জন ছিলেন। তাদের একজন বন্দুক বের করে পুলিশের ওপর গুলি চালান। তারপর গাড়িটি বেপরোয়াভাবে সেখান থেকে চলে যায় ।
পুলিশের দাবি, চলে যাওয়ার সময় সাধারণ এক ব্যক্তিকে গাড়িটি ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার বলেছেন, পুলিশ কর্মকর্তার কাছে বন্দুক ছিল না। নিউজিল্যান্ডের পুলিশ সবসময় সঙ্গে করে অস্ত্র নিয়ে ঘোরে না। তিনি আরো বলেছেন, এটা দুঃখজনক ঘটনা। পুলিশের জন্য এবং ওই পুলিশ কর্মকর্তার পরিবারের জন্য এটা খারাপ সংবাদ। এ ঘটনায় আহত পুলিশের একজন সদস্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পায়ে চোট লেগেছে। আর সাধারণ যে ব্যক্তি আহত হয়েছেন, তিনিও চিকিৎসাধীন আছেন। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন বলেছেন, খবরটি জেনে তার হৃদয় ভেঙে গেছে। তিনি বলেছেন, একজন পুলিশ কর্মকর্তাকে হারানো মানে, আমাদের সবার জন্য কাজ করার একজন মানুষকে হারানো। আর তিনি তো কোনো পরিবারের সদস্য, কারো ভালোবাসার মানুষ, কারো বন্ধু ।