
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের পদের জন্য অযোগ্য বলে দাবি করেছেন তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তার দাবি রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনও নীতি-নির্দেশিকা ট্রাম্পের নেই। গতকাল বৃহস্পতিবার একটি বইয়ের প্রচার অনুষ্ঠানে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জন বোল্টন বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কাজ করার ক্ষমতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বোল্টনের অভিযোগ, পুনর্নির্বাচিত হওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাহায্য চাইতেও দ্বিধা বোধ করেননি ট্রাম্প। এর আগেও বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কটাক্ষ করেন বোল্টন ।
এদিকে জন বোল্টন হোয়াইট হাউসের দায়িত্ব পালনের সময়কার নান ঘটনাবলি নিয়ে একটি বই প্রকাশ করতে চলেছেন। এই বই নিয়ে এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর টানাপোড়েন শুরু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে বই প্রকাশের আগেই তার কিছু নির্বাচিত অংশ ছেপে দিয়েছে মার্কিন মিডিয়া। ওই বইতেই জন বোল্টন লিখেছেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ সুগম করতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাহায্য পাওয়ার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। দ্যা রুম হোয়ার ইট হ্যাপেনড শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি ২৩ জুন আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা রয়েছে। তবে, তার আগেই কী করে বইটির প্রকাশ আটকানো যায়, সে চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। বইপ্রকাশ ঠেকাতে বুধবার রাতে এক বিচারকের কাছে জরুরি আদেশ চেয়েছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্প বলছেন, এই বই নিয়ে আইনি সমস্যায় পড়তে পারেন বল্টন। ২০১৮ সালের এপ্রিলে ট্রাম্প বল্টনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করেছিলেন। কিন্তু, প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্যের জেরে পরের বছর সেপ্টেম্বরেই তাঁকে বিদায় নিতে হয় ।