
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার জেরে তাকে আজ শনিবার আদালতে হাজির করা হবে । তার বিরুদ্ধে ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পেতে সাহায্যকরার অভিযোগ উঠেছে। দেশটির দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জন মাকামুরে বিষয়টি নিশ্চিত করে।তিনি জানান, মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এ ঘটনায় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এর আগে জিম্বাবুয়ের সাবেক পর্যটন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ।