
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির বিস্তার রোধে একের পর এক সতর্ক বার্তা দিয়েই চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছন, ‘করোনার “নতুন ও বিপজ্জনক ধাপে” রয়েছি আমরা।শুক্রবার (১৯ জুন) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেদরোস বলেন, আমরা বিপজ্জনক দশায় আছি। সতর্ক করে তিনি বলেন যে, ভাইরাসের বিস্তারকে থামাতে লকডাউন ব্যবস্থা এখনো প্রয়োজন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫,০৬৬ জনের। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাস নিয়ে সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৫০১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৫৬ হাজার ৭৫৭ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ২৪ হাজার ৭৭৭ জন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে, যা গত ডিসেম্বরে মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে।