
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে গত বছর সেপ্টেম্বর থেকে ‘উদ্বেগ’ প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ বাড়িয়ে মধ্যস্থতাও করতে চেয়েছেন একাধিক বার। এ বার তাঁর নজরে লাদাখ। দিন তিনেক আগে বলেছিলেন, ভারত-চিনের মধ্যস্থতায় আগ্রহী নয় ওয়াশিংটন। কাল আবার ওকলাহোমায় নিজের ভোট-প্রচারে বেরোনোর আগে হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের বললেন, ‘‘খুব কঠিন সময় চলছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে দু’টি শক্তিশালী পক্ষ। ভারতের সঙ্গে কথা হয়েছে। চিনের সঙ্গেও বলছি। দেখছি কী করা যায়! আমরা ওদের সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত।’ ইঙ্গিত স্পষ্ট, ভারত-চিনের মধ্যে মধ্যস্থতায় আগ্রহী ট্রাম্প।
যদিও আগ বাড়িয়ে ট্রাম্পের এই প্রস্তাব চিন ও ভারত চাইছে কি না, স্পষ্ট নয়। ভারত কিন্তু এখনও তার ঘোষিত অবস্থানেই— দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবাঞ্ছিত। কোনও দেশের সঙ্গে সত্যিই তেমন সঙ্কট তৈরি হলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলাই দিল্লির নীতি। পাকিস্তানের সঙ্গে টানাপড়েন নিয়ে একই অবস্থান ছিল ভারতের। গত বছর সেপ্টেম্বরে ট্রাম্পকে পাশে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের বার্ষিক অধিবেশনের মঞ্চে জানিয়ে দিয়েছিলেন, কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় পক্ষকে ‘বিব্রত’ করতে চায় না ভারত। তবে ট্রাম্প যে লাদাখের উপর গোড়া থেকেই নজর রাখছেন, গত সপ্তাহে তা জানিয়েছিল হোয়াইট হাউস। ২ জুন এ নিয়ে মোদী-ট্রাম্পের কথা হয়েছিল বলেও দাবি তাদের।