
আন্তর্জাতিক ডেস্ক: দেশজুড়ে বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে মারণ করোনার সংক্রমণ। এরই মধ্যে ভারতের কোচির এক ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া বিশেষ ধরনের একটি অটোমেটিক থার্মাল স্ক্যানার বানিয়ে ফেলেছেন। শরীরের তাপমাত্রার পাশাপাশি মানুষের ছবিও তুলতে সক্ষম যন্ত্রটি। করোনার উপসর্গ বুঝতে জনবহুল এলাকা যেমন স্টেশন, বিমানবন্দরগুলিতে এই মেশিনটি ব্যবহার করা যেতে পারে বলে দাবি ওই যুবকের। দেশজুড়ে চলছে আনলক ১ পর্যায়। ধাপে ধাপে খুলছে অফিস, আদালত-সহ একাধিক শিল্প প্রতিষ্ঠান। কম সংখ্যক কর্মী নিয়েই আপাতত কাজ সামাল দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্র বা যেখানে মানুষের সমাগম বেশি সেই জায়গাগুলিতে থার্মাল গান ব্যবহার করা হচ্ছে অনেক জায়গাতেই। মূলত শরীরের তাপমাত্রা ব্যবহার করা হচ্ছে ওই যন্ত্রের সাহায্যে।
কিন্ত এবার কোচির এক ইঞ্জিনিয়রিংয়ের পড়ুয়া ওই একই ধরনের তবে আরও উন্নত একটি যন্ত্র তৈরি করে ফেলেছেন। অটোমেটিক থার্মাল স্ক্যানার মেশিন তৈরি করছেন ওই পড়ুয়া। উন্নত প্রযুক্তির এই মেশিন মানুষের শরীরের তাপমাত্রার পাশাপাশি তাঁর ছবিও তুলে রাখতে সক্ষম। এপ্রসঙ্গে ওই পড়ুয়া জানিয়েছেন, মূলত রেলস্টেশন, বিমানবন্দর-সহ জনবহুল এলাকাগুলিতে তাঁর তৈরি উন্নত প্রযুক্তির এই মেশিন ব্যবহার করলে সুফল মিলতে পারে। ৩ সপ্তাহ ধরে প্রচেষ্টার পর তিনি এই বিশেষ মেশিন বানাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন।