News71.com
 International
 24 Jun 20, 11:12 AM
 427           
 0
 24 Jun 20, 11:12 AM

সীমান্তে ভারত-চিন দ্বন্দ্ব মেটাতে সক্রিয় রাশিয়া॥

সীমান্তে ভারত-চিন দ্বন্দ্ব মেটাতে সক্রিয় রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে ভারত ও চিনের শান্তি ফেরানোর উদ্যোগে অদৃশ্য উপস্থিতি রয়েছে রাশিয়ার। গালওয়ান উপত্যকায় ১৫ জুন রক্তপাতের পরেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথাবার্তার পিছনেও প্রয়াস রয়েছে মস্কোর। কূটনৈতিক সূত্রে এ কথা জানা গিয়েছে। গত দু’সপ্তাহ ধরেই চিন প্রশ্নে রাশিয়াকে সঙ্গে নিয়ে চলছে সাউথ ব্লক। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত তিন সপ্তাহে বিভিন্ন স্তরে রাশিয়ার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। আজকের চিন-ভারত-রাশিয়া (রিক)-র বৈঠকটির পিছনেও সক্রিয়তা মস্কোরই। এই কোভিডের সঙ্কটের মধ্যেও সে দেশের বিজয় উৎসবে যোগ দিতে মস্কো পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। একই অনুষ্ঠানে যোগ দিতে আগামিকাল রাশিয়া পৌঁছবেন চিনের প্রতিরক্ষামন্ত্রী।


এদিকে আগ বাড়িয়ে চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস রাজনাথের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে দাবি করলেও ভারত তা উড়িয়ে দিয়েছে। বরং রাজনাথ এ দিন সক্রিয় ছিলেন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সরঞ্জাম আমদানি করার বিষয়টি নিয়ে। চলতি বছরের শেষে ওই সরঞ্জাম ভারতের হাতে আসার কথা। কিন্তু তা দ্রুত সরবরাহ করা নিয়ে আজ রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন রাজনাথ। প্রশ্ন উঠছে, পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ফের বাড়ানোর ফলে কি কৌশলগত অংশীদার আমেরিকার সঙ্গে সম্পর্কের ভারসাম্য কিছুটা বিঘ্নিত হবে? গোটা বিষয়টি কী ভাবে দেখবেন ডোনাল্ড ট্রাম্প? রাশিয়াই বা কেন এতটা উৎসাহ নিচ্ছে ভারত-চিন বিবাদে?

অন্য দিকে নয়াদিল্লির যুক্তি, ভারত-চিন সম্পর্কের মধ্যে আমেরিকাকে টেনে আনলে বর্তমান পরিস্থিতিতে লাভের চেয়ে ক্ষতিই বেশি। ট্রাম্প এবং শি জিংপিং-এর সম্পর্ক এখন অহি-নকুলের। এখন যদি বেজিং কারও কথায় কিছুটা গুরুত্ব দেয়, তা হল মস্কো। দুদেশের বাণিজ্যিক এবং অন্যান্য স্বার্থ একে অন্যের সঙ্গে জড়িত। পাশাপাশি মস্কোও চায়, তাদের সামরিক পণ্যের বিশাল দুই ক্রেতা, ভারত এবং চিনের মধ্যে অস্থিরতা যেন মাত্রাছাড়া পর্যায়ে না পৌঁছয়। কারণটা যে শুধু বাণিজ্যিক তা-ই নয়, এর ভূকৌশলগত দিকও রয়েছে। এই মুহূর্তে রিক (রাশিয়া, চিন, ভারত), ব্রিকস (ব্রাজিল, ভারত, চিন দক্ষিণ আফ্রিকা) এবং এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন)-এর চলতি বছরের নেতৃত্ব মস্কোর হাতে। ভারত এবং চিন এই তিনটি গোষ্ঠীতেই রয়েছে। সূত্রের মতে, রাশিয়া আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষার্থে এই গোষ্ঠীগুলিকে কাজে লাগাতে উন্মুখ। সে ক্ষেত্রে ভারত-চিন সহাবস্থান মস্কোর জন্যও জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন