
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে লাদাখে শুরু শান্তি ফেরানোর প্রক্রিয়া! বহু আলাপ-আলোচনার পর প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার করা শুরু করল চিন। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই LAC-র ফরোয়ার্ড পোস্ট থেকে পিছু হটা শুরু করে চিনের পিপলস লিবারেশন আর্মির (PLA) জওয়ানরা। সীমান্ত লাগোয়া এলাকা থেকে সরানো হচ্ছে চিনা সেনার সাঁজোয়া গাড়িগুলিও। ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, লালফৌজের বহু সেনা এখন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছিয়ে ১ কিলোমিটার ভিতরে অবস্থান করছে। এবং গালওয়ানে চিনের ফরোয়ার্ড পোস্টগুলিতে মোতায়েন সেনার সংখ্যাটা আগের তুলনায় অনেক কমে গেছে। সেনারা ভারতে শুরু করেছে যুদ্ধ নয়, আলোচনাই ভারত ও চিন সমস্যার সমাধানের উপায়।
উল্লেখ্য ভারত-চীন উভয় দেশই প্রায় ২০ দিন ধরে এই এই বার্তা দিয়ে আসছে। কিন্তু বাস্তবের মাটিতে তার সুফল দেখা যাচ্ছিল না। এতদিন আলোচনার টেবিলে একরকম কথা বলে, সীমান্তে আরেক রকম আচরণ করছিল চিন। গত ৬ জুন দুই দেশের সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠকে ঠিক হয়, দুই দেশই নিজেদের ফরোয়ার্ড পোস্ট থেকে সেনা প্রত্যাহার করবে। কিন্তু পরে দেখা যায়, বৈঠকের টেবিলে সেনা প্রত্যাহারের কথা বললেও গালওয়ানে ঘাঁটি গেঁড়ে বসে আছে চিনা সেনা। তাদের সরাতে গিয়েই গত ১৫ জুন রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দুই সেনার জওয়ানদের মধ্যে। যাতে ভারতের ২০ জন সেনা জওয়ান শহিদ হন। বেশ কয়েকজন আহতও হন। চিনের তরফেও অর্ধ শতাধিক হতাহত হয়। যদিও চিনা সেনা এখনও সরকারিভাবে সেই সংখ্যা ঘোষণা করেনি।
সেদিনের সংঘর্ষের পর সারা পৃথিবীর নেতারা পারমানবিক শক্তিধর দুই দেশের এই সংকট সমাধানে সরব হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দেন। যদিও ভারত ও চীন উভয় দেশই এটাকে দ্বিপাক্ষিক সমস্যা বলে তৃতীয় পক্ষের হসতক্ষেপ প্রত্যাক্ষান করে। গত ২২ জুন ফের দু’দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়।আলোচনায় বসেন দুই দেশের সেনা কর্তারা। সেদিন ফের ঠিক হয়, গালওয়ান উপত্যকা থেকে দুই দেশই সেনা পিছিয়ে নেবে। ১১ ঘণ্টার কোর কম্যান্ডার লেভেল ম্যারাথন বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) সেনা পিছনোর ব্যাপারে দুই দেশের বাহিনী পারস্পরিক ঐক্যমতে পৌঁছায়। সূত্রের খবর, সেদিনের চুক্তিমতোই বৃহস্পতিবার সেনা প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করল চিন। এরপর ভারতও ওই এলাকায় বাহিনী কমাতে পারে বলে মনে করা হচ্ছে।