
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। মহামারীরোধে একে কঠিন সিদ্ধান্তের উদাহরণ হিসেবেও উল্লেখ করে সংস্থাটি। এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে চার লাখ ৮৫ হাজার ২শ' ৯৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৫ লাখের বেশি মানুষ।ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটিতে একদিনেই আক্রান্ত হয়েছেন প্রায় ৪১ হাজার মানুষ, মারা গেছেন ১১ শতাধিক। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে অবজ্ঞার কারণে ব্রাজিলের পরিস্থিতি লাগামহীন বলে মত বিশেষজ্ঞদের।একটি বাজার থেকে করোনা সংক্রমণ শুরু পর আবারো গণহারে করোনা পরীক্ষা শুরু করেছে চীন। এতে নতুন করে ১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এছাড়া সংক্রমণ বাড়ছে রাশিয়া, পেরু, চিলিসহ বিশ্বের বিভিন্ন দেশে।এ অবস্থায় করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি দেশের সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার প্রধান করোনা প্রতিরোধে সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিভিন্ন দেশ রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে হিমশিম খাচ্ছে বলেও জানান তিনি। মানুষের জীবন রক্ষায় অক্সিজেন সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।