News71.com
 International
 26 Jun 20, 11:27 AM
 457           
 0
 26 Jun 20, 11:27 AM

পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান॥

পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনা প্রত্যেকেরই জানা। পাকিস্তানেই লুকিয়ে ছিল পেন্টাগন গুঁড়িয়ে দেওয়া সেই কুখ্যাত জঙ্গি। মার্কিন সেনা তাকে খুঁজে বের করে খতম করেছিল। যদিও পাকিস্তান তারপরও লাদেনকে আশ্রয় দেওয়ার কথা স্বীকার করেনি। তবে এবার সেই লাদেনকেই শহিদ বলে বসলেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতোবার পাকিস্তানের পার্লামেন্টে এমনটাই বলেছেন তিনি। তাঁর সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে লাদেনকে শহিদ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তৃতায় ইমরান বলেছেন, ‘যখন আমেরিকানরা এসে অ্যাবোটাবাদে লাদেনকে মেরে শহিদ করে দিয়েছিল, তখন আমরা সবাই অপ্রস্তুতে পড়েছিলাম। ২০১১ তে ইউএস নেভি সিল পাকিস্তানে গিয়ে লাদেনকে খুঁজে বের করেছিল তার গোপন ডেরা থেকে। বিশ্ব জুড়ে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছিল আল কায়েদার মাথা এই জঙ্গি নেতা। যার মধ্যে আমেরিকার ৯/১১-র সন্ত্রাস সবথেকে ভয়ঙ্কর। ২০০১-এর সেই ঘটনায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল আমেরিকার টুইন টাওয়ার। ৩০০০ মানুষের মৃত্যু হয়েছিল। পাঁচটি বিমান হাইক্যাক করে হামলা চালানো হয়েছিল।

তবে এই প্রথমবার নয়, এর আগেও দেখা গিয়েছে ইমরান খান ওসামা বিন লাদেনকে জঙ্গি বলে স্বীকার করতে রাজি হননি। তিনি বলেছেন, লাদেন ব্রিটিশদের জন্য জঙ্গি আর অন্যদের জন্য স্বাধীনতা সংগ্রামী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি উল্লেখ করেছে যে পাকিস্তান এখনও জঙ্গিদের স্বর্গরাজ্য। বরাবরই ভারত পাক আশ্রিত জঙ্গিদের বাড়বাড়ন্তের কথা বলে এসেছে। এই মার্কিন রিপোর্ট সেই দাবিকেই শিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। এদিকে, এদিন মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় ভয়াবহ হামলার পরে কিছু পদক্ষেপ পাকিস্তান নেয় ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। ২০১৯ সালেই পাকিস্তানকে দেওয়া আর্থিক অনুদান বন্ধ করে আমেরিকা। ২০১০ সালে পাকিস্তান এনহ্যান্সড পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পেপা চুক্তির ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক অনুদান লাভ করত পাকিস্তান। গত বছর ইমরান খানের মার্কিন সফরে যাওয়ার সপ্তাহ তিনেক আগে পাক প্রধানমন্ত্রীকে এই অনুদান কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। প্রসঙ্গত, সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তানের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ না করায় মার্কিন প্রশাসন এমন সিদ্ধান্ত নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন