
আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ মাদক কারবারিদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদসহ তিন চালককে আটক করেছে আগরতলার আমবাসা থানার পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে তাদের আটক করা হয়।আমবাসা থানা পুলিশ জানায়, ত্রিপুরার ধলাই জেলার চার নম্বর জাতীয় সড়ক দিয়ে মাদককারবারিরা বিপুল পরিমাণ মদ নিয়ে আগরতলার দিকে আসছেন। এ খবরের ভিত্তিতে পুলিশ আগরতলার জাতীয়় সড়কে অভিযান চালিয়ে তল্লাশি শুরু করে। আমবাসা ডাকবাংলোর পাশে জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময় পুলিশ তিনটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। তল্লাশিকালে পুলিশ ওই গাড়ির চালককে মদের বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা তা দেখাতে পারেনি তাই পুলিশ মদসহ তিনটি গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে গাড়ি গুলো জব্দ করে থানায় নিয়ে় যায়। গাড়ি গুলোতে মোট সাত হাজার ৪৪১ বোতল মদ পাওয়া যায়। যার বাজার মূল্য ১২ লাখ রুপি বলে জানান আমবাসা সাব ডিভিশনাল পুলিশ অফিসার আশীষ দাসগুপ্ত। এ মদের বোতল গুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো ও কে অন্য রাজ্য থেকে অবৈধভাবে আমদানি করছিলো তা জানার জন্য চালকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সাব ডিভিশনাল পুলিশ অফিসার আশীষ।