
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র- বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষদূত অ্যাগনেস ক্যালামার্ড এ মন্তব্য করেন। তিনি বলেন, সোলাইমানিকে হত্যা করে ভয়ানক নজির স্থাপন করেছে ওয়াশিংটন। এদিকে জাতিসংঘের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত এবং কল্পানপ্রসূত বলে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।মার্কিন স্বার্থবিরোধী পরিকল্পানার কারণে হত্যা করা হয় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে। ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তাকে হত্যার পর এ দাবি করে ট্রাম্প প্রশাসন। ওই হামলায় সোলাইমানির সঙ্গে নিহত হয় আরো ৯ জন।বৃহস্পতিবার জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষদূ ত বলেছেন, ওয়াশিংটন তার অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের আচরণকে বর্বর বলেও মন্তব্য করা হয়।অ্যাগনেস ক্যালামার্ড বলেন, জেনারেল কাসেম সুলাইমানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি-নির্ধারণী ভূমিকা পালন করতেন। কিন্তু তিনি কারো জীবনের জন্য কোনো হুমকি ছিলেন না। কাজেই যুক্তরাষ্ট্র তাকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলাও অবৈধ।জাতিসংঘের মার্কিনবিরোধী মন্তব্যকে বুদ্ধিবৃত্তিক অসত্যতা বলে অভিহিত করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আত্মরক্ষার জন্য কাসেম সোলাইমানি হত্যা করা হয়েছে। একটি বিবৃতির মাধ্যমে বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী হিসেবে সোলাইমানির কুখ্যাত অতীতকে মুছে ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ মার্কিন প্রশাসনের।