
আন্তর্জাতিক ডেস্কঃ নিয়ন্ত্রণরেখা বরাবর প্রথম পর্যায়ের সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার বাকি অংশ থেকে সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে আজ ফের ভারত-চীন সেনা কমান্ডারস্তরে বৈঠক হতে যাচ্ছে। পূর্ব লাদাখের চুশুল মলডোতে গত মে মাস থেকে শুরু করে এটি চতুর্থ পর্যায়ের বৈঠক। বৈঠকে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সেনার ১৪ কোরের কমান্ডার লেফটেনান্ট জেনারেল হরেন্দ্র সিং ও চীনের পক্ষে উপস্থিত থাকবেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি প্রদেশের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। বৈঠকে দেপসাং এলাকা ও প্যাগং লেকের ফিঙ্গার-৮ থেকে চীনা সেনা প্রত্যাহার নিয়ে আলোচনার উপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়াও গালওয়ান উপত্যকায় বিভিন্ন পেট্রোলিং পয়েন্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বাফার এলাকায় নজরদারির প্রোটোকল তৈরি নিয়েও আলোচনা হতে পারে ।
এরই মধ্যে গালওয়ানের নিয়ন্ত্রণরেখা থেকে লাল ফৌজ ও ভারতীয় সেনা কয়েক কিলোমিটার পিছিয়ে গিয়েছে। কমেছে উত্তেজনা। তবে দেপসাং এলাকা-প্যাংগং থেকে চীনা সেনা এখনও সরেনি। ফলে মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের বাহিনী। দুই দেশের বিরোধ রয়েছে এমন এলাকায় সেনা যাতে আরও সরে যায় তা নিয়ে আলোচনা হবে। এছাড়া এখন যে সংখ্যা সেনা মোতায়েন রয়েছে সেই সংখ্যা কমানোর কথা বলা হতে পারে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ‘দেপসাং সমতলে ভারতীয় সেনাকে নজরদারিতে বাধা দিচ্ছে লাল ফৌজ। এই এলাকা কারাকোরাম পাসের কাছে দৌলত বেগ ওল্ডিতে স্থিত কৌশলগত আইটপোস্টের খুব কাছে। তাই এই অঞ্চল থেকে সেনা সরানোর জন্য চীনকে চাপ দেওয়া হবে। এছাড়া বিরোধ রয়েছে এমন সব জায়গায় সীমান্তে সমরাস্ত্র, এয়ার ডিফেন্স ব়্যাডার, জ্যামার, রকেট সহ সেনা সরঞ্জাব সরানোর বিষয়েও কথা বলা হবে। এর আগের ভারত-চীন সেনা বৈঠকটি হয়েছিল ৩০ জুন। সেই বৈঠকের ফল যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে সাউথ ব্লক। ওই বৈঠকের পরেই গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪, হট স্প্রিং ও গোগরা থেকে পিছু হটে চীনা সেনা ।