
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক সপ্তাহব্যাপী ভারি বর্ষণে সৃষ্ট চীনের বন্যা কয়েক দশকের ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যাচ্ছে। করোনা থেকে বেঁচে থাকার প্রচেষ্টার মধ্যেই আবার বন্যার কবল থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা চালাতে হচ্ছে চীনবাসীদের। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন'র খবর, সোমবার (১৩ জুলাই) চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণলায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন থেকে বন্যার কবলে পড়ে চীনে এরই মধ্যে ক্ষতির মুখে পড়েছে প্রায় চার কোটি মানুষ (৩ কোটি ৮০ লাখ)। এই ক্ষতিগ্রস্তের সংখ্যা কানাডার মোট জনসংখ্যার চেয়েও বেশি। এরই মধ্যে ২২ লাখের বেশি মানুষ তাদের বাসস্থান হারিয়েছে। আর মৃত্যু ও নিখোঁজ হয়েছেন ১৪১ জন। গত রোববার চীনা কর্তৃপক্ষ বন্যা সর্তকবার্তাকে ২য় সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই বন্যা পরিস্থিতিকে 'খুবই মারাত্মক' হিসেবে উল্লেখ করে জীবন ও সম্পদ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। করোনা আর বন্যা একসঙ্গে দাপুটে ভাব দেখানোর কারণে পুনর্বাসন প্রক্রিয়া খুবই জটিল আকার ধারণ করেছে। অনেক এলাকায় করোনার দাপট কমাতে লকডাউন কার্যকর থাকার মধ্যেই আবার আঘাত হেনেছে এবারের মারাত্মক বন্যা।