
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের জেরে মাসখানেক আগে ভারতের রাজধানী দিল্লিতে একের পর এক বন্ধ হচ্ছিল সরকারি দপ্তর। বর্তমানে সেই ছবি ফিরে আসছে পশ্চিমবঙ্গে। রাজ্যেও একের পর এক বন্ধ হচ্ছে সরকারি দপ্তরগুলো সংক্রমণের জেরে মঙ্গলবারই কলকাতার জেশপ বিল্ডিংয়ে কৃষি ডিরেক্টরেটের অফিস ফের তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে ওই দপ্তরে অতিরিক্ত অধিকর্তার করোনা ধরা পড়ায় এই দপ্তরটি বন্ধ করা হয়েছিল। গোটা অফিস স্যানিটাইজেশনের পর তা চালু হয়। কিন্তু সম্প্রতি দপ্তরের ডিরেক্টরেটের গাড়িচালকের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। ফলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।শুধু জেশপ বিল্ডিং নয়, শহরের সল্টলেকে পঞ্চায়েত ভবনের পাঁচ ও দশতলায় কর্মীদের করোনা ধরা পড়ার ফলে ওই দুটি তলায়ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।পাশাপাশি এক সরকারি কর্মচারী সংক্রমিত হওয়ার খবরে বুধবার (১৫ জুলাই) উদ্বেগ ছড়ায় হুগলি জেলার শ্রীরামপুর পৌরভবনেও। আতঙ্কের জেরে এ দিন দুপুরেই নোটিশ জারি করে আগামী ২১ জুলাই পর্যন্ত পৌরভবন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ওই জেলার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন।অপরদিকে, রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণে জেরে মৃত্যু হয়েছে তার শ্যালক শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রীর স্ত্রীও করোনার কবলে পড়ায় সবাই এখন হোম কোয়ারেন্টিনে। এ দিন মন্ত্রী নিজেই এ খবর জানান। ফলে সংশ্লিষ্ট দপ্তরের কয়েকটি বিভাগ আপাতত বন্ধ রাখা হয়েছে।