
আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন পশ্চিমবাংলায় বাড়ছে করোনা সংক্রমণ। তবে আক্রান্তের পাশাপাশি ডাক্তার, পুলিশ, প্রশাসনের মতো করোনা যোদ্ধাদের সহযোগিতায় সুস্থ হওয়ার হারও বাড়ছে প্রতিদিন। তাই এহেন পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের সহযোগিতায় নতুন পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৫ জুলাই) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে করোনা যোদ্ধারা মারা গেলে তাদের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। পাশাপাশি তাদের পরিবারপিছু একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সম্মান জানাতে মেডেল, মানপত্র দেওয়ার কথাও ঘোষণা করলেন মমতা। পাশাপাশি মমতা জানান, এখনো অব্দি রাজ্যে করোনায় ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। সবার কাছে অনুরোধ করছি আপনারা সচেতন না হলে ম্যাজিক করে এই মহামারি আটকাতে পারবো না। রাজ্যে সংক্রমণ আরো বাড়বে। কারণ আমরা টেস্ট সংখ্যাও বাড়াবো। পরীক্ষা বাড়ালে সংক্রমণ বাড়বে। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। ভিড় এড়িয়ে চলুন। আপনারা দায়িত্ব নিন। রাস্তায় কোথাও অহেতুক জমায়েত বা ভিড়ভাট্টা দেখলে ফাঁকা করে দিন। আমি প্রতিটা ক্লাবকে এই আবেদন করছি। তবে আইন নিজেদের হাতে তুলে নেবেন না।