
নিউজ ডেস্কঃ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে জাতিসংঘকে সংস্কার করে নতুন করে বহুপক্ষীয়তার আলোকে গড়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো বলেছেন, উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব ভোলা যাবে না। নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভায় এ বছরের উচ্চ পর্যায়ের অধিবেশনে তিনি এ কথা বলেন। শনিবার (১৮ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
১৭ জুন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের সদস্য দেশগুলোর উদ্দেশে এবারই প্রথম ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী। এ বছর ইকোসকের সভার মূল প্রতিপাদ্য– 'কোভিড-১৯ পরবর্তী বহুপাক্ষিকতা: ৭৫তম বার্ষিকীতে আমাদের কেমন জাতিসংঘ প্রয়োজন'।জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে উচ্চ পর্যায়ের ইকোসক অধিবেশনের মূল প্রতিপাদ্যের সঙ্গে নিরাপত্তা পরিষদে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলো প্রতিফলিত হয়। ভারতের প্রধানমন্ত্রী মোদী কোভিড-১৯ পরবর্তী বিশ্বে ‘বহুপাক্ষিক সংস্কারের' পক্ষে পুনরায় ভারতের আহ্বানের কথা তুলে ধরেন যা, সমসাময়িক বিশ্বের বাস্তবতাকে প্রতিফলিত করে।