
আন্তর্জাতিইক ডেস্কঃ ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে যখন প্রথম করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ে, সে সময় ফলের খোসা, প্লাস্টিকের বোতল, এমনকি অন্তর্বাস দিয়েও ফেসমাস্ক বানিয়ে পরতে দেখা যায় উহান প্রদেশের বাসিন্দাদের। হ্যাঁ, চীনের এ অঞ্চলই করোনাভাইরাসের উৎস। মরণভাইরাসের হাত থেকে বাঁচতে সে সময় মাস্ক, গ্লাভস চেয়ে আন্তর্জাতিক মহলের কাছে হাত পাততে বাধ্য হয় কমিউনিস্ট দেশটি। কিন্তু তার পরই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। মাস তিনেকের মধ্যেই নিজের দেশে জোগান দিয়েও মাস্ক রপ্তানি শুরু করে চীন। আচমকা উৎপাদনের এই বিপুল হারে বৃদ্ধিতে প্রশ্নও উঠে আসে একাধিক। এবার সেই রহস্যের সমাধান হয়েছে। জানা গেছে, বন্দিশিবিরগুলোতে মাস্ক তৈরি করতে উইঘুর মুসলিমদের 'গোলাম বাহিনী'-কে কাজে লাগিয়েছে চীন। সম্প্রতি এই মর্মে এক পত্রিকায় একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বন্দি উইঘুর মুসলিমদের দিয়ে জোর করে তৈরি করানো ফেসমাস্ক অস্ট্রেলিয়ায় রপ্তানি করেছে বেইজিং ।
চীনের হুবেই প্রদেশের প্রোটেক্টিভ পোশাক প্রস্তুতকারী সংস্থা 'হুবেই হেইজিন প্রোটেক্টিভ প্রোডাক্ট গ্রুপ কম্পানি লিমিটেড' অস্ট্রেলিয়ায় প্রায় দুই লাখ মাস্ক রপ্তানি করেছে। অভিযোগ, সেই মাস্কগুলো জোর করে উইঘুর মুসলিম শ্রমিকদের দিয়ে তৈরি করানো হয়েছে। 'অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট' নামের একটি সংস্থা সম্প্রতি দাবি করেছে, চীনা ফ্যাক্টরিগুলোতে প্রায় ৮০ হাজার উইঘুর মুসলিমকে দিয়ে জোর করে শ্রমিকের কাজ করানো হচ্ছে। ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে ওই শ্রমিকদের নিজের বাড়ি বা ডিটেনশন সেন্টার থেকে নিয়ে এসে চীনের সুদূর প্রান্তে কাজে লাগানো হয়েছে। কেউ কাজ করতে রাজি না হলে চরম নির্যাতন চালানো হচ্ছে তাদের ওপর ।