
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে যে কয়টি ভ্যাকসিন আশা যোগাচ্ছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি ব্যাপক সফলতা পেলেও এটির চূড়ান্ত সাফল্যের বিষয়টি এখনও অনিশ্চিত।ভ্যাকসিনটির গবেষণা দলের প্রধান সারাহ গিলবার্ট ) বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি বাজারে আনার আগে তিনটি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এর কোনও একটির ব্যাঘাত ঘটলেই ভ্যাকসিনটির সাফল্য বিলম্বিত হবে।সারাহ গিলবার্ট বলেন, প্রথমত শেষ ধাপের ট্রায়ালে এটি কার্যকর প্রমাণিত হতে হবে, দ্বিতীয়ত বিপুল সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করতে হবে এবং তৃতীয়ত বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রদানের আগে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে এটি জরুরি ব্যবহারের জন্য দ্রুত অনুমোদন দিতে হবে। এর কোনও এক ধাপে বিলম্ব হলে ভ্যাকসিনটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।বর্তমানে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের এই সম্ভাব্য ভ্যাকসিনটির শেষ ধাপের ট্রায়াল চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও ট্রায়াল চালানোর বিষয়ে আলোচনা চলছে।