
নিউজ ডেস্কঃ বিনিয়োগকারীদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জালিয়াতি করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত এক উদ্যোক্তাকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ, ক্যালিফোর্নিয়া ভিত্তিক টেকনোলোজি স্টার্ট আপ কোম্পানি ইউপ্লাস এর প্রধান নির্বাহী শওকত শামীম কোম্পানির আর্থিক পরিস্থিতি নিয়ে একাধিকবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিয়েছেন।৪৮ বছর বয়সী শওকত শামীমের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিনিয়োগকারীদের বলেছিলেন, কোম্পানিটি বছরে লাখ লাখ ডলার আয় করে আর তাদের একশ’রও বেশি ক্রেতা রয়েছে। ক্রেতাদের মধ্যে ফরচুন ৫শ কোম্পানিও রয়েছে বলে বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেন তিনি।অভিযোগ অনুযায়ী, শামীমের এই ফন্দি উন্মোচিত হয় ২০১৯ সালের শেষ দিকে। ওই সময়ে তিনি নির্দিষ্ট কিছু বিনিয়োগকারীর কাছে স্বীকার করেন প্রকৃতপক্ষে ইউপ্লাস-এর মোট আয় পাঁচ লাখ ডলারেরও কম আর ২০১৩ সালে যাত্রার পর থেকে কোম্পানিটির মূল্য পরিশোধকারী ক্রেতা মাত্র চারজন।