News71.com
 International
 27 Jul 20, 09:54 PM
 378           
 0
 27 Jul 20, 09:54 PM

চীনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের॥নিষিদ্ধ হচ্ছে পাবজিসহ ৪৭ অ্যাপ

চীনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের॥নিষিদ্ধ হচ্ছে পাবজিসহ ৪৭ অ্যাপ

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বিরুদ্ধে আবারও ‘ডিজিটাল স্ট্রাইক’ শুরু করেছে ভারত। আরও ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গেছে। দেশটির সরকারের যুক্তি, আগে নিষিদ্ধ হওয়া একাধিক অ্যাপের ক্লোন অ্যাপ এখনও রয়েছে। ফলে এ দফার নিষেধাজ্ঞায় ওই ধরনের অ্যাপগুলিকেই সাধারণত টার্গেট করা হয়েছে। পাবজি (প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস)-র মতো জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে ।

 

গত ২৯ জুন টিকটক,  ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সে সময় দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছিলেন, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনের ৬৯ক ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যে সংঘাত ঘিরে উত্তেজনার আবহ ছিল তুঙ্গে। গত এক মাসে ভারত-চীন সীমান্ত সংঘাত খানিকটা থিতু হয়েছে। এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে ফের ‘ডিজিটাল স্ট্রাইক’ হানতে চলেছে মোদি সরকার ।

 

দেশটির সরকারি একটি সূত্রের মতে, স্ক্যানারে রয়েছে অন্তত ২৫০টি চীনা অ্যাপ। এর মধ্যে রয়েছে চীনা ব্যবসায়ী জ্যাক মা-র সংস্থা আলিবাবা-র সঙ্গে সংযুক্ত একাধিক অ্যাপও। সেই নিষেধের আওতায় পড়তে পারে বিশ্বের অন্যতম বৃহৎ গেমিং সংস্থা টেনসেন্টের তৈরি করা জনপ্রিয় অনলাইন গেম পাবজি-ও। পাবজি ছাড়াও আরও কয়েকটি চীনা গেমিং অ্যাপ নিষিদ্ধ করা হতে পারে বলে জানা গেছে। ওই সব অ্যাপ সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন চীনা সংস্থার কাছে পাচার করে দিচ্ছে। এর আগেও এই একই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন