
আন্তর্জাতিক ডেস্কঃ বৈরুত বিস্ফোরণের পর এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে দেশটির নাগরিক। বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৭২৮ জন বিক্ষুব্ধ আহত হয়েছেন বলে জানিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার ওই খবরে একজন পুলিশ নিহতের কথাও বলা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) আগাম নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। আগামী সোমবার (১০ আগস্ট) পার্লামেন্টে আগাম নির্বাচনের বিষয়টি তিনি উত্থাপন করবেন বলে জানান হাসান দিয়াব। এই ঘোষণার পর থেকেই এর প্রতিবাদ জানিয়ে সংসদ এলাকায় বিক্ষোভ শুরু করেন লেবাননের নাগরিক। বিক্ষোভ নিয়ন্ত্রণে সমবেতদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পার্লামেন্ট ভবনের সামনে দায়িত্বরত পুলিশ।গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনা তদন্তে এরই মধ্যে ১৯ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।