
আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘রানিং মেট’ হিসেবে ভারতীয় বংশোদ্ভুত সিনেটর কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। অর্থাৎ বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস।ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছেন। ৫৫ বছর বয়সী কমলা হ্যারিসই প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নারী যিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দল ডেমোক্র্যাট থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন।এক টুইট বার্তায় বাইডেন জানিয়েছেন, হ্যারিসকে বেছে নেয়া তার জন্য বিরাট সম্মানের। আর এ বিষয়ে কমলা হ্যারিস লিখেছেন, বাইডেন আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কারণ সারাজীবন ধরেই তিনি সবার জন্য লড়াই করেছেন। প্রেসিডেন্ট হিসেবেও এমন আমেরিকান গড়বেন যা সবার জন্য আদর্শ হবে।