
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় ইরাকের শীর্ষ পর্যায়ের দুজন সীমান্তরক্ষী কর্মকর্তা নিহত হওয়ার পর তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হলুসি আকারের বাগদাদ সফর বাতিল করেছে ইরাক সরকার। পাশাপাশি ইরাকে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে বাগদাদ।বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে তুর্কি ড্রোন হামলার ন্যায্যতা নাকচ করেছে এবং এ ঘটনার কঠোর নিন্দা করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “তুরস্কের এই কাজকে ইরাক তার সার্বভৌমত্বের লঙ্ঘন ও দেশের মর্যাদা ক্ষুণ্ন করা এবং শত্রুতাপূর্ণ কাজ বলেই বিবেচনা করে। তুরস্কের এই হামলা দুই প্রতিবেশীর মধ্যকার অংশীদারিত্বমূলক নিরাপত্তা কাজে বাধা সৃষ্টির ভিত্তি হিসেবে গণ্য হবে।”গতকাল কুর্দিস্তানের সিদাকান এলাকায় তুর্কি ড্রোন হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর দুজন ব্যাটেলিয়ন কমান্ডার ও তাদের ড্রাইভার নিহত হন। সিদাকান শহরের মেয়র ঈশান চালাবি কুর্দি ভাষার রুদাও টেলিভিশন চ্যানেলকে বলেন, পিকেকে গেরিলাদের সঙ্গে বৈঠকের সময় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডারদের লক্ষ্য করে তুর্কি ড্রোন থেকে হামলা চালানো হয়।