
আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটক প্রিয় মালদ্বীপের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ভারত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। বলা হচ্ছে, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বলয়ের সম্প্রসারণকে টেক্কা দিতে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রচেষ্টার মাঝেই এই ঘোষণা।জানা গেছে, মালদ্বীপের রাজধানী মালের সঙ্গে দেশটির তিনটি দ্বীপের যোগাযোগ স্থাপন করতে ভারতের বিশাল এই প্যাকেজ ঘোষণা দেয়া হয়েছে। বিস্তীর্ণ সৈকত ও সমুদ্রের নীল জলরাশির জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ। এই অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক ও পরিবহন সংযোগ স্থাপনের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি।বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদকে বলেন, ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে রাজধানী মালের সংযোগ প্রকল্পে সহায়তা করবে নয়াদিল্লি। এছাড়াও আরও ৪০০ মিলিয়ন ডলারের নতুন ঋণ দেয়া হবে।