
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দেখানো পথে এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসলামিক কান্ট্রি বাহরাইন ও ওমান। মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, বাহরাইন আরব আমিরাতের পথ ধরে শান্তি স্থাপনে রাজি হয়েছে। তবে ঠিক কবে দেশ দুটির মধ্যে চুক্তি সম্পন্ন হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এ ছাড়া গণমাধ্যমটি মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, উল্লিখিত দেশ দুটির পরে ওমানও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে পারে। আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এখন বেশ কিছু মার্কিন বিশেষজ্ঞ মনে করছেন, বাহরাইন এবং ওমানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করতে পারে। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্যের কর্মসূচির সিনিয়র উপদেষ্টা উইলিয়াম এফ ওয়েচসলার বলেন, 'মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের প্রতিবেশীদের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়, বিশেষত যাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একই পরিস্থিতি দেখা যায়। ফলে আমিরাতের পথে বাহরাইন এবং ওমান দ্রুতই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশা করা যায় ।'