News71.com
 International
 18 Aug 20, 07:03 PM
 295           
 0
 18 Aug 20, 07:03 PM

করোনা থেকে শিশুদের ডায়াবেটিস হতে পারে॥ দাবি বিজ্ঞানীদের  

করোনা থেকে শিশুদের ডায়াবেটিস হতে পারে॥ দাবি বিজ্ঞানীদের   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের কারণে শিশুদের টাইপ-১ ডায়াবেটিস হতে পারে বলে নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন। ব্রিটেনে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে দেশটির উত্তর-পশ্চিমের অংশে শিশুদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার মাত্রা বেড়ে যায়। হঠাৎ শিশুদের এই রোগে বেশি আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধানে লন্ডনের খ্যাতনামা ইমপেরিয়াল কলেজের বিশেষজ্ঞরা এ বিষয়ে একটি গবেষণা করেছেন।ডায়াবেটিস জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, মার্চের ২৩ তারিখ থেকে জুনের ৪ তারিখ পর্যন্ত এনইচএস ট্রাস্টের চারটি হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিসের ৩০ শিশুকে পাওয়া যায়, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ওই শিশুদের তিন চতুর্থাংশের মধ্যে জটিল ডায়াবেটিক কিটোএসিডোসিসের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘শিশু যদি ক্লান্তি অনুভব করে, পানিশূন্যতায় ভোগে, বারবার প্রস্রাব করে কিংবা ওজন হারাতে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে ।’

গবেষকেরা জানিয়েছেন, ‘৩০ শিশুর মধ্যে মাত্র পাঁচজনের করোনা ধরা পড়লেও অন্যদের নিয়ে সন্দেহ আছে। তাদের ক্ষেত্রে হয়তো শনাক্ত হয়নি।’ ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা আজ মঙ্গলবার বলেছেন, করোনাভাইরাস থেকেই যে শিশুদের ডায়াবেটিস হচ্ছে সেটি এখনো শতভাগ প্রমাণিত না হলেও এর সঙ্গে একটা সম্পর্ক আছে বলে আমরা ধারণা করছি। গবেষক দলের কো-প্রধান কারেন লোগানের ভাষায়, ‘করোনা এবং কিছু শিশুর টাইপ-১ ডায়াবেটিসের সঙ্গে একটা লিংক আছে বলে আমাদের বিশ্বাস। সেটা এই গবেষণায়ই প্রথম দেখা গেল।’ উল্লেখ্য, টাইপ-১ ডায়াবেটিস সাধারণত ছেলেবেলায় অথবা ৪০ বছর বয়সের আগে হয়। এর সঙ্গে স্থূলতার কোনো সম্পর্ক নেই। রোগটি প্রতিরোধের জন্য ইনসুলিন ইনজেকশন অথবা ইনসুলিন পাম্প দিয়ে চিকিৎসা করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন