
আন্তর্জাতিক ডেস্কঃ তুমুল আন্দোলনের মুখে অবশেষে নতুন নির্বাচন দেয়ার ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের পরই ওই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।এদিকে, সোমবারও স্বৈরশাসক লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে রাজধানী মিনস্কসহ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সংকট নিরসনের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে জার্মানি এবং ইইউ।প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে সোমবারও রাস্তায় নামেন দেশটির সাধারণ মানুষ। কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশটির কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও এদিন আন্দোলনে যোগ দেন। রীতিমত জনসমুদ্রে পরিণত হয় রাজধানী মিনস্ক।সবার দাবি নতুন করে নির্বাচন দিতে হবে লুকাশেঙ্কোকে। দেশটির ইতিহাসে সরকারবিরোধী আন্দোলনের এমন নজির বিরল। স্বৈরশাসকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ধন্যবাদ জানান বিরোধীনেত্রী মারিয়া কোলেস্নিকোভা।তিনি বলেন, আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ভয় না পাওয়ার জন্য ধন্যবাদ। আমি গর্বিত যে আপনাদের সঙ্গে এখানে একত্র হতে পেরেছি।