
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শুরু হওয়া কনভেনশনে অংশ নিয়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন ডেমোক্র্যাটরা। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ট্রাম্পকে ভুল প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন।জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্প আবারো নির্বাচিত হলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, কারচুপি ছাড়া তার জয় প্রতিহত করা অসম্ভব।আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় সোমবার রাতে শুরু হয় বিরোধী ডেমোক্র্যাটদের চার দিনব্যাপী ভার্চুয়াল কনভেনশন। চার ঘণ্টার এ সম্মেলনে ক্ষমতাসীন রিপাবলিকানদের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন ডেমোক্র্যাট নেতা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা।নিজের বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউজে একাগ্রতার পরিবর্তে, ট্রাম্প একের পর এক জটিলতা এবং বিভেদ সৃষ্টি করেছেন।