
আন্তর্জাতিক ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নাম ঘোষণা করল রিপাবলিকান পার্টি। অর্থাৎ এবার জো বিডেনের সঙ্গে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণাই হয়ে গেল। সোমবার GOP কনভেনশনে অগ্নিপরীক্ষা ছিল ট্রাম্পের সামনে। যেখানে দেশের করোনা পরিস্থিতির সার্বিক ছবিটা তুলে ধরছিলেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা মোকাবিলায় দেশ সঠিক পদক্ষেপ করছে কি না, তা বিশিষ্টদের সামনে তুলে ধরছিলেন। সেখানেই দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে লড়াইয়ে শামিল হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়ে যান তিনি। তবে ইতিমধ্যেই দ্বিতীয়বার হোয়াইট হাউসের দখল নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ট্রাম্প। এমনকী ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে আসন্ন নির্বাচনে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। তাই বারবার প্রচারে ভারতের বিভিন্ন বিষয় তুলে ধরছেন তিনি। তাঁর ভোটপ্রচারের প্রথম ভিডিওতে ‘পরম বন্ধু’ প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) ভাষণের অংশ রাখা হয়েছে। রয়েছে ভারতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের কিছু মুহূর্তও। এই সবের মূল লক্ষ্যই হল ২০ লক্ষ ইন্দো-মার্কিনির ভোট পকেটস্থ করা। তবে স্রেফ ডোনাল্ড ট্রাম্প নন, জো বিডেনের ভোটপ্রচারেও বারবার ভারতীয়দের কথা উঠে আসছে। এদিকে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস তো দক্ষিণ ভারতে কাটানো ছেলেবেলার কথাও তুলে ধরেছেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বার ভোট বৈতরণী পার করতে সেই মোদি ম্যাজিকেই ভরসা রাখলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।