
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দুটি সন্দেহভাজন পরমাণবিক চুল্লি পরিদর্শনের অনুমতি চেয়েছেন দেশটিতে সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। মঙ্গলবার (২৫ আগস্ট) তেহরানে আইএইএ’র মহাপরিচালক ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় আইএইএ’র মহাপরিচালক বলেন, ‘আইএইএ’র ওপর কারো প্রভাব নেই, তবে চাপ আছে। রাজনৈতিক চাপের কাছে তারা নতিস্বীকার করবে না। আইএইএ-কে অপব্যবহার করে কাউকে স্বার্থ হাসিলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে সৌদি আরবের পরমাণু কর্মসূচিকে আইএইএ’র পর্যবেক্ষণের আওতায় আনা হবে।’ এর আগে (২২ আগস্ট) গ্রোসি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট করে বিতর্কিত পুরাতন দুটি পারমাণুবিক চুল্লির বিষয়ে ইরানের প্রতি কিছু প্রশ্ন রাখতে চাই। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে যখন এক সঙ্গে কাজ করছি তখন নানা প্রশ্ন আসছে। তবে, তাদের সঙ্গে চলমান এই সম্পর্ক খুবই চমৎকার। এই সম্পর্ক অব্যাহত থাকবে। বিশ্বে আমাদের বড় প্রকল্পগুলোর মধ্যে ইরানের আণবিক প্রকল্পটি অনেক বড়। ’ ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, ‘আইএইএ-কে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, আর বাড়তি কোনো দাবি তেহরান মানবে না। ইরান এর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো মেনে চলছে। নতুন কোনো দাবি মেনে নেওয়া হবে না।’আইএইএ’র মহাপরিচালকের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উভয় পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আইএইএ নিরপেক্ষ থাকবে ও পেশাদারিত্ব বজায় রাখবে, পাশাপাশি ইরান তার দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে। রাফায়েল গ্রোসির তেহরান সফরের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো।’