
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পার্সেল উপদ্বীপে সামরিক মহড়া চলাকালে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন। পেন্টাগন বলছে, ২০০২ সালে বিতর্কিত জলসীমায় উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলার প্রতিশ্রুতি দেয় বেইজিং। সবশেষ কর্মকাণ্ড সেই প্রতিশ্রুতির লঙ্ঘন বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, দক্ষিণ চীন সাগরের বিতকির্ত এলাকায় চীনের সামরিক মহড়া উত্তেজনা নিরসন এবং স্থিতিশীলতা পরিপন্থী। বেইজিংয়ের ক্ষেপনাস্ত্র পরীক্ষা দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিকে আরো জটিল করবে বলে সতর্ক করে মার্কিন প্রতিরক্ষা দফতর। পেন্টাগনের বিবৃতিতে আরো বলা হয়, চীনের এমন আচরণ ২০০২ সালের ঘোষণার লঙ্ঘন। ওই ঘোষণায় দক্ষিণ চীন সাগর নিয়ে বিবদমানপক্ষগুলো সংঘাত সৃষ্টি থেকে বিরত থাকতে একমত হয়। কিন্তু চীনের আচরণ সেই ঐক্যমতে বিভেদ বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়।