News71.com
 International
 05 Sep 20, 10:39 AM
 356           
 0
 05 Sep 20, 10:39 AM

কোভিড-১৯ টিকা কেনা ও সরবরাহের নেতৃত্বে ইউনিসেফ॥

কোভিড-১৯ টিকা কেনা ও সরবরাহের নেতৃত্বে ইউনিসেফ॥

নিউজ ডেস্কঃ ভ্যাকসিন অ্যালায়েন্স জিএভিআইয়ের নেতৃত্বে কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স ফ্যাসিলিটি)- বৈশ্বিক ভ্যাকসিন পরিকল্পনার অংশ হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন কেনা ও সরবরাহের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে ইউনিসেফ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইউনিসেফ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউনিসেফ জানায়, বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান আশার আলো দেখাচ্ছে এবং পাহো রিভলভিং ফান্ডের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইউনিসেফ ‘কোভ্যাক্স ফ্যাসিলিটি’র পক্ষে ৯২টি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ কেনা ও সরবরাহের প্রচেষ্টায় নেতৃত্ব দেবে। এ দেশগুলোর জন্য ভ্যাকসিন কেনার ক্ষেত্রে জিএভিআই কোভ্যাক্স এএমসি পদ্ধতির পাশাপাশি জরুরি মানবিক পরিস্থিতির জন্য রাখা আপৎকালীন মজুদের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। এ ছাড়াও এরই মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটিতে অংশগ্রহণের মাধ্যমে ভ্যাকসিন পাওয়ার আগ্রহ প্রকাশ করা উচ্চ আয়ের ৮০টি দেশের ভ্যাকসিন কেনায় সহায়তা দিতে ক্রয়-সমন্বয়কারী হিসেবেও কাজ করবে ইউনিসেফ। উচ্চ আয়ের এ দেশগুলো তাদের নিজস্ব বাজেট থেকে ভ্যাকসিন কিনবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জিএভিআই, সিইপিআই, পাহো, বিশ্বব্যাংক, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও অন্যান্য সহযোগীদের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে ইউনিসেফ এ কার্যক্রম পরিচালনা করবে। সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কোনো দেশ যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করার জন্য ‘কোভ্যাক্স ফ্যাসিলিটি’ সব দেশের জন্য উন্মুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন