
আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের বন্যায় এ পর্যন্ত ৯৯ জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ বাড়িঘর। আজ শনিবার সুদানের সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিন মাসের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিকে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসেবেও বিবেচনা করছে কাউন্সিল। সুদানের লেবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিষয়কমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা জানায়, দেশটি আহত হয়েছে ৪৬ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষ। ভেঙ্গে পড়েছে অন্তত ১ লাখ বাড়িঘর।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী লেনা আল শেখ জানান, ১৯৪৬ এবং ১৯৮৮ সালের রেকর্ড বৃষ্টিপাত এবং বন্যার চেয়ে এবারের পরিস্থিতি আরও খারাপ। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়। এদিন, ২০২০ সালের বন্যা এবং বৃষ্টিপাতের ভয়াবহতা মোকাবিলায় লেবার অ্যান্ড সোশ্যাল ভেভেলপমেন্ট মন্ত্রণালয়ের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় কমিটি গঠন করেছে কাউন্সিল। জুন থেকে অক্টোবর পর্যন্ত সুদানে বর্ষাকাল থাকে। এ সময়ে প্রচুর বৃষ্টিপাত এবং বন্যায় প্রতিবছর দুর্ভোগে পড়েন স্থানীয়রা।গতকাল শুক্রবার কমিটি সতর্ক করেছে, আরো বৃষ্টি হতে পারে। নীল নদের পানি রেকর্ড ১৭ দশমিক ৫৮ মিটার বাড়তে পারে বলেও সতর্ক করা হয়।