
আন্তর্জাতিক ডেস্কঃ আলোচনার টেবিলে তর্কাতর্কি হল। এবং লাদাখের পরিস্থিতিতে উন্নতির কোনও আশা দেখা গেল না। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার অবস্থানই বহাল রইল। উপরন্তু, চিনের সেনা যে পিছু হটবে না, তার ইঙ্গিত দিয়ে প্রায় মহাভারতের দুর্যোধনের মতো বেজিং হুঙ্কার দিয়েছে, ‘চিন এক ইঞ্চিও জমি ছাড়বে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও অখণ্ডতা বজায় রাখতে চিনের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী।’ গত রাতে মস্কোয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে বৈঠকে জানিয়ে দেন, ‘চিনা সেনাবাহিনীর কাজকর্ম, বিপুল সংখ্যায় বাহিনী জড়ো করা, আগ্রাসী আচরণ, একতরফা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বদলের চেষ্টা—এর সবই দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তির বিরুদ্ধে।’
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক গতকাল বিবৃতিতে বলেছে, ‘দু’দেশের বিশেষ প্রতিনিধির মধ্যে বৈঠকে যে বোঝাপড়া হয়েছিল, চিনের সেনার কাজকর্ম তার সঙ্গেও খাপ খায় না।’ আর রাজনাথ বলেন, চিন যেন প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে এবং তাতে বদলের চেষ্টা না-করে। প্যাংগং লেক বা ১৭ নম্বর পেট্রলিং পয়েন্টের মতো একাধিক জায়গায় চিনের সেনার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। ভারত চিনকে ওই সব এলাকা খালি করতে বলেছে। উল্টো দিকে, বেজিংয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওয়েই রাজনাথকে বলে দিয়েছেন, লাদাখে উত্তেজনার পিছনে সব দোষ ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বৈঠকে যে সব সমাধান সূত্র বেরিয়েছিল, ভারতই তা লঙ্ঘন করছে।