
নিউজ ডেস্কঃ রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি কোমা থেকে জেগেছেন এবং সাড়া দিচ্ছেন বলে জানিয়েছে জার্মানির চ্যারিতে হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, নাভালনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে সরিয়ে নেয়া হবে। তবে শরীরে মারাত্মক বিষক্রিয়ার কারণে দীর্ঘমেয়াদি ক্ষতির প্রভাব সম্পর্কে এখনও বলার সময় আসেনি বলে জানানো হয়। গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে করে মস্কোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই নাভালনি। পরে বিমানটিকে জরুরি অবতরণ করে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। তখনই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। জানাগেছে বিমানবন্দরে চা পানের সময় বিষ প্রয়োগ করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে।