
আন্তর্জাতিক ডেস্কঃ এক ফিলিস্তিনি শিশুসহ তার বাবা-মাকে আগুন দিয়ে নির্মমভাবে হত্যার দায়ে এক ইহুদিকে আজীবন কারাদণ্ড দিয়েছেন ইসরাইলের এক আদালত। ২০১৫ সালের মে মাসে অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি পরিবারকে আগুন দিয়ে হত্যা এবং বিদ্বেষমূলক হামলায় দোষী সাব্যস্ত হন ২৫ বছর বয়সী ইহুদি আমিররাম বেন-উলিয়েল । ওই অগ্নিসংযোগে ১৮ মাস বয়সী আলী দাবাবেশকে নিষ্ঠুরভাবে হত্যা করে আমিররাম। ওই সময় দগ্ধ হয়ে তার মা, রিহাম এবং বাবা সাদ গুরুতর আহত অবস্থায় মারা যান। তবে, আলীর চার বছরের বড় ভাই আহমদ অল্পের জন্য বেঁচে যায়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালত রায়ে জানান, হামলাকারী বেন-উলিল কাজগুলি সুক্ষ্মভাবে এবং পরিকল্পিতভাবে করেন। তিনি যে উগ্রবাদী মতাদর্শ এবং বর্ণবাদকে ধারণ করেছিলেন তা স্পষ্ট। দণ্ডিত ইহুদী’র স্ত্রী অরিয়ান বেন-উলিল এই সাজা প্রদানের পরে আদালতের কক্ষের বাইরে সাংবাদিকদের বলেন, বিচারক তার স্বামীর প্রতি ন্যায় রায় দেননি। এমনকি ঘটনার মূল কারণ খোঁজার চেষ্টাও করেনি বলে অভিযোগ করেন। তার স্বামীকে আদালত আগেই থেকে দোষী সাব্যস্ত করে রায় দেয়ার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন বেন উলিল। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথাও জানান তিনি।