
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র 'লাগাম' টানুন। এসময় তিনি পম্পেওর কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়নি বলে নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য ঘোষণা দেওয়ার পরও পম্পেও বারবারই একই কথা বলে যাচ্ছেন। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকে সুর মেলাতে হুমকি দিচ্ছেন। তিনি এক টুইটার বার্তায় এসব মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জারিফ বলেন, আপনার পররাষ্ট্রমন্ত্রীর লাগাম টেনে ধরুন। পম্পেও শনিবার দাবি করেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির তথাকথিত স্ন্যাপব্যাক ধারা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।