
আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, আগামী বছরের এপ্রিলের মধ্যে প্রত্যেক মার্কিন নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া সম্ভব হবে। তবে এত অল্প সময়ের মধ্যে সব মার্কিনের কাছে ভ্যাকসিন সরবরাহের ঘোষণা বাস্তবসম্ভত না বলে মনে করছেন এ কাজে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিশেষজ্ঞরা। এমনকি মার্কিন নাগরিকদের মধ্যে মাত্র ৯ শতাংশ ট্রাম্পের এ ঘোষণায় আস্থা রাখছেন বলে জানিয়ে একটি জরিপ প্রকাশ করা হয়েছে দেশটির গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ মানুষই মনে করেন, কার্যকরী ভ্যাকসিন বাজারজাত করার কোন সদিচ্ছা নেই ট্রাম্প প্রশাসনের।
আর ট্রাম্প যে ভ্যাকসিন বাজারজাতের কথা বলে আসছেন তার কার্যকরিতা নিয়ে আশাবাদী মাত্র ১৮ শতাংশ নাগরিক। এরই মধ্যে, কলোরাডো অঙ্গরাজ্যে দুটি ফার্মাসিটিউক্যাল প্রতিষ্ঠান শিগগিরি তাদের তৈরি কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পরিকল্পনা করছে বলে জানিয়েছে।
করোনার ভ্যাকসিন তৈরিতে ভারত সরকার নিজ দেশের গবেষকদের সবধরণের সহায়তা করছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। রোববার পার্লামেন্টের বৈঠকে তিনি জানান, ভিন্ন ভিন্ন ধাপে তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
সব ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে চলতি বছরের শেষ নাগাদ সিঙ্গাপুরের গবেষকদের তৈরি একটি করোনার ভ্যাকসিন বাজারজাত করার আশা ব্যক্ত করছে সিঙ্গাপুর সরকার। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির গবেষকরা যৌথ উদ্যোগে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছেন।
করোনার তিনটি পৃথক ভ্যাকসিন তৈরিতে ৬০ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানান, তিন ধাপে ভ্যাকসিনের সঠিক ক্লিনিক্যাল ট্রায়ালে অর্থ ব্যবহার করবেন গবেষকরা। এই ৬০ লাখ ডলারের মধ্যে ৩০ লাখ পাবেন ইউনিভার্সিটি অব মেলবোর্নের গবেষকরা আর বাকি ৩০ লাখ দেয়া হবে ইউনিভার্সিটি অব সিডনির গবেষকরা। প্রথমবারের মতো সুঁচবিহীন ভ্যাকসিন তৈরিতেও বিনিয়োগ করছে অস্ট্রেলিয়া সরকার।