
আন্তর্জাতিক ডেস্কঃ দৈনিক করোনাজয়ীর সংখ্যায় আবারও রেকর্ড গড়ল ভারত। দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। এই প্রথম কোন দেশে দৈনিক সুস্থতার সংখ্যা ১ লাখ ছাড়াল। শুধু তাই নয়, দৈনিক করোনা সংক্রমণও এক ধাক্কায় অনেকটা কমেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে প্রায় ৭৫ হাজার মানুষের দেহে। যা কিনা গত কয়েকদিনের থেকে অনেকটা কম।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮৩ জন। যা গতকালের থেকে ১২ হাজার কম। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ হাজার ৯৩৫ জন।ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯ লাখ ৩৩ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৩৩ হাজার ১৮৫ জনের। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার ৮.০৫ শতাংশ।উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬৯ হাজার।