
আন্তর্জাতিক ডেস্কঃ পানি বিক্রির কোম্পানি নংফু স্প্রিংয়ের প্রধান ঝং শানশান, ই- কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মাকে সরিয়ে এবার চীনের শীর্ষ ধনী হয়েছেন। বোতলজাত পানি বিক্রি করেই ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে চীনের ধনীর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছেন তিনি। ঝং শানশানের সম্পদের পরিমাণ ৫ হাজার ৮৭০ কোটি ডলার। বিবিসি জানায়, ঝং শানশান ১৯৯৬ সালে চীনের ঝেজিয়াং প্রদেশে প্রতিষ্ঠা করেন তাঁর পানি বিক্রির কোম্পানি নংফু স্প্রিং। সম্প্রতি তাঁর কোম্পানির শেয়ারের দর বাড়ায় এবং যে ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির অংশীদার তিনি সেই অংশের দর বেড়ে যাওয়ায় তাঁর ভাগ্য পরিবর্তন হয়েছে। ঝং পরিচিত বেশি লোন উলফ নামে। বর্তমানে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী তিনি। তার আগে আছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। এ ছাড়া বিশ্ব-৫০০ ধনীর তালিকায় জংয়ের অবস্থান ১৭ তে। সাধারণত চীনের শীর্ষ ধনীদের বেশির ভাগই প্রযুক্তি খাত থেকে উঠে আসেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উত্তেজনার কারণে এবং হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো বেশ বিপাকে পড়েছে। টিকটক, উইচ্যাটের মতো কোম্পানিগুলোর বাজার দর নিচে নেমে যাওয়ায় সেই জায়গায় উঠে আসছে চীনের খাদ্য খাতের কোম্পানিগুলো।