
আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনে সহায়তার দায়ে জাতিসংঘের কালো তালিকাভুক্ত ইসরাইলি ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ব্যবসা করায় ফেব্রুয়ারিতে ১১২টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তথ্যপ্রমাণ প্রকাশ করে জাতিসংঘ। ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে একমত হয় আমিরাত। এরপর দু'পক্ষের বিভিন্ন কোম্পানি একে অপরের সঙ্গে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা ঘোষণা করে। আনাদোলু জানিয়েছে, দু'পক্ষের মধ্যে যে চুক্তি এবং সমঝোতা হয়েছে সেগুলোতে জাতিসংঘের কালো তালিকাভুক্ত ইসরাইলি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।