
আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছে পাকিস্তান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেয়া বক্তব্যে কাশ্মীর ইস্যুতে সরব হন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার বক্তব্যের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ সভা থেকে ওয়াক আউট করেন ভারতের প্রতিনিধি। পরে এক বিবৃতিতে ইমরান খানের বক্তব্যকে নিচুমানের কূটনীতি বলে আখ্যা দেয় নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা মহামারির কারণে আগে রেকর্ড করা এ বক্তব্যের শুরুতেই ভারতের তীব্র সমালোচনা করেন তিনি। সরব হন কাশ্মীর ইস্যুতেও। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, 'ভারতের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর এড়াতে বিজেপি সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে।'